স্টাফ রিপোর্টার)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………….
হাইমচরে ৯ স্পটে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৮ কিশোর আটক, অভিভাবকদের তুলোধুনো করলেন ওসি শাহ আলম
জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে কঠোর হুঁশিয়ারি বিএনপি নেতৃবৃন্দের
………….
(বিস্তারিত নিউজ)
চাঁদপুরের হাইমচরে কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং বিরোধী বিশেষ সাঁড়াশি অভিযানে উপজেলার ৯টি ঝুঁকিপূর্ণ স্পট থেকে ৪৮ কিশোরকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালিত হয় – হাইমচর বাজার, আলগী বাজার, নীলকমল, চরভৈরবী, হাইমচর কলেজ এলাকা, ২নং আলগী উত্তর ইউনিয়নের গাজীর বাজার, কেভিএন চৌধুরী বাজার, দক্ষিণ কমলাপুর শাহজালাল এতিমখানা সংলগ্ন মডেল মসজিদ, ভায়া বটতলা রায়ের বাজার, বর্ডার ছৈয়ালগো মোড় ও ঘোষপাড়া সহ ৯টি স্পটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এসব স্থানে কিশোর গ্যাংয়ের আড্ডা, বেপরোয়া বাইক মহড়া, ইভটিজিং এবং মাদক সেবন ও কেনা-বেচার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতেই এই বিশেষ অভিযান চালানো হয়। আটককৃতদের কাছ থেকে মাদক সেবনের আলামত যাচাই-বাছাই করা হয় এবং তাদের মোবাইল ফোন চেক করা হয়।
পরে আটককৃত ৪৮ কিশোরকে থানায় এনে যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের ডেকে আনা হয়।
অভিযান শেষে থানা প্রাঙ্গণে অভিভাবকদের উপস্থিতিতে কঠোর বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম।
ওসি মো. শাহ আলম বলেন, “সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না, সন্তানকে মানুষ করতে হয়। আপনাদের উদাসীনতার কারণেই আজ আপনাদের সন্তান থানার হাজতে। কিশোর গ্যাং ও মাদক একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আজ এই কিশোর গ্যাং কাল মাদকাসক্ত হয়ে বড় অপরাধী হবে। আজ প্রথমবার বলে মুচলেকা নিয়ে ছেড়ে দিলাম। এরপর যদি একই কিশোরকে রাস্তায় আড্ডা, মাদক সেবন, বাইক নিয়ে বেপরোয়া চলাচল বা কোনো অপরাধে পাওয়া যায়, তাহলে অভিভাবকসহ মামলা দিয়ে জেলে পাঠাবো। থানা কোনো সংশোধনাগার নয়।”
পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপের জন্য চাঁদপুর জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতৃবৃন্দ।
এসময় হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী বলেন, “জেলা পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাই। তাঁর নির্দেশে হাইমচর থানা পুলিশ যে সাহসী অভিযান চালিয়েছে তা প্রশংসনীয়। কিশোর গ্যাং ও মাদক মুক্ত হাইমচর গড়তে বিএনপি পুলিশের পাশে আছে। আমরা কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেব না। হাইমচর কোনো কিশোর গ্যাং ও মাদক কারবারিদের অভয়ারণ্য হবে না।”
হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল বলেন, “কিশোর গ্যাং ও মাদকের কোনো দল নেই, এরা সমাজের ক্যান্সার। আমি পরিষ্কার বলতে চাই, আমার দলের নাম ভাঙিয়ে যদি কেউ এইসব কিশোরদের দিয়ে বিশৃঙ্খলা ও মাদকের বিস্তার করার চেষ্টা করে, তাকে দল থেকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হবে। অভিভাবকদের বলবো, ছেলের হাতে বাইকের চাবি ও মাদক না দিয়ে বই তুলে দিন।”
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান শেখ, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ, হাইমচর প্রেসক্লাব ও হাইমচর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং আটককৃতদের অভিভাবকবৃন্দ।
…………………..
চাঁদপুর হাইমচর প্রতিবেদন মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল BD SOMOY 24.COM www Bdshomoy24.com