স্টাফ রিপোর্টার ( মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
BD SOMOY 24.COM
…………………
হাইমচরে গাঁজাসহ মাদক কারবারি ও প্রকাশ্যে সেবনকারী গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি
(বিস্তারিত নিউজ)
চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ জনকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। তাদের মধ্যে একজন মাদক কারবারি ও অন্যজন প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামি করার অভিযোগে আটক হন।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর এই অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে গত ২৬ সেপ্টেম্বর হাইমচর থানাধীন উত্তর আলগী কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তা থেকে মো. তামিম মৃধা (২০) নামে এক যুবককে ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাইমচর থানায় মামলা রুজু করা হয়েছে, যার এফআইআর নং-৩৪।
একই দিনে দ্বিতীয় অভিযানে দক্ষিণ চরভৈরবী আমতলী বাজার এলাকার একটি অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ের সামনে মাদক সেবন করে মাতলামি করার সময় মো. রাশেদ খাঁন নোয়াব (৪৮) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষায় তার মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং-৩৫) দায়ের করা হয়েছে।
আটককৃত দুই আসামিকেই আজ রোববার (২৭ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। হাইমচরকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত, তারা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
থানা পুলিশ আরও জানায়, এলাকার যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
#হাইমচর #চাঁদপুর #মাদকবিরোধী_অভিযান