(হাইমচর চাঁদপুর প্রতিনিধি) BD SOMOY 24.COM
…………………………….
চাঁদপুরের হাইমচরে শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি পূজারি, ভক্ত ও উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় সেজন্য আমরা আপনাদের পাশে আছি।
তিনি বলেন, “আপনারা স্বাচ্ছন্দ্যে পূজা করবেন। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা এবং আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকব। আপনাদের নিরাপত্তা ও সহযোগিতার দায়িত্ব আমাদেরও। আমরা যেমন সুন্দরভাবে ঈদ উদযাপন করি, তেমনি আপনারাও আপনাদের দুর্গাপূজা আনন্দের সাথে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এই উৎসব পালন করতে হবে।”
এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
দুটি মণ্ডপে মতবিনিময় সভা
সন্ধ্যা ৭টায় প্রথমে উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের তেলির মোড় এলাকার জগন্নাথ মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য। সেখানে মন্দিরের দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি সুনীল চন্দ্র মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন স্বর্ণকারের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
বক্তারা পূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
পরে রাত পৌনে ৮টায় উত্তর আলগী ইউনিয়নের কমলাপুর এলাকার আলগী দুর্গাপুর দুর্গাদেবীর মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এমপি মানিক। সেখানে মন্দির কমিটির সভাপতি আশুতোষ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়ও একই বক্তারা বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মাঠে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে।
হাইমচর থানার ওসি শাহ আলম বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুজব বা উসকানিমূলক কোনো তথ্যে বিভ্রান্ত না হয়ে সরাসরি থানায় জানানোর অনুরোধ জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের যেকোনো প্রয়োজনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাশে থাকবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ গাজী সহ বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
…………………….
হাইমচর চাঁদপুর থেকে মনির হোসেন হাফেজ ছৈয়ালের পাঠানোই প্রতিবেদন BD SOMOY 24.COM www Bdshomoy24.com