হাইমচর চাঁদপুর প্রতিনিধি) BD SOMOY 24.COM
……………………………..
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর ২০২৬ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউল সোহাগ গাজী, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গাজী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা, লাইটিং ও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। হাইমচরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। পুলিশকে জনবান্ধব হয়ে কাজ করতে হবে।”
সভাপতি ইউএনও নজরুল ইসলাম বলেন, “হাইমচরে ১৩টি মন্ডপে পূজা হবে। প্রতিটি মন্ডপের জন্য আলাদা নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। পূজায় ডিজে, মাদক ও ইভটিজিং সম্পূর্ণ নিষিদ্ধ। গুজব ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা। আমাদের ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা থাকবে। বাল্যবিবাহ রোধেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী বলেন, “হাইমচরে হিন্দু-মুসলিম ভাই ভাই। দুর্গাপূজা আমাদের সকলের উৎসব। বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের নিরাপত্তায় বিশ্বাস করে। হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো। কোনো দুষ্কৃতিকারী যাতে পূজার আনন্দ নষ্ট করতে না পারে, সেজন্য আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে সজাগ থাকবে। আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ।”
সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সেজন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আলাদা টিম মন্ডপ এলাকায় দিন-রাত পাহারায় থাকবে। হাইমচরকে মাদকমুক্ত ও নিরাপদ মডেল উপজেলা হিসেবে গড়তে আমরা কাজ করে যাচ্ছি।”
সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।