হাইমচর চাঁদপুর প্রতিনিধি) মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল BD SOMOY 24.COM।
……………..

মাদকমুক্ত যুবসমাজ গঠন ও গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে চাঁদপুরের হাইমচর উপজেলার কমলাপুর গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় কমলাপুর দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। আয়োজনের মূল উদ্যোক্তা স্পেন প্রবাসী মোঃ শোভন মিয়া নিজে মাঠে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন। এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। মাঠে শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোরের উপস্থিতিতে খেলাটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আতিকুর রহমান পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মাসুদ আলম খাঁন, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম কবির পাটওয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাধুলা নিয়ে প্রধান অতিথি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারীর বক্তব্য:

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী বলেন, “আজকের এই হাড়িভাঙ্গা খেলা শুধু বিনোদন নয়, এটি মাদকের বিরুদ্ধে একটি সামাজিক যুদ্ধ। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের কমলাপুরের যুবকরা মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং এর মতো ভয়াবহ পথে না গিয়ে খেলার মাঠকে বেছে নিয়েছে।

একটি জাতিকে ধ্বংস করতে মাদকই যথেষ্ট। আমাদের যুবসমাজ, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই যুবসমাজ যদি খেলাধুলা থেকে বিমুখ হয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ে, মাদকে আসক্ত হয়, তাহলে এই সমাজের উন্নয়ন থেমে যাবে। আমি বিশ্বাস করি, একটি মাঠ একটি যুবককে মাদক থেকে দূরে রাখতে পারে। খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল রাখে এবং মানুষের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করে।

আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা, হা-ডু-ডু, গোল্লাছুট আজ হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে স্পেন প্রবাসী শোভন মিয়া যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। প্রবাসে থেকেও গ্রামের কথা চিন্তা করা, এটা অনেক বড় মনের পরিচয়। আমি ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই ধরনের সকল ভালো কাজে সবসময় পাশে থাকবো। আমি চাই প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এমন খেলাধুলা চলমান থাকুক।”

আয়োজক স্পেন প্রবাসী শোভন মিয়ার বক্তব্য:

এ সময় আয়োজক স্পেন প্রবাসী মোঃ শোভন মিয়া আবেগঘন বক্তব্যে বলেন, “আমি দীর্ঘদিন স্পেনে থাকি, কিন্তু আমার শেকড় তো এই কমলাপুরে। যখন শুনি আমাদের এলাকার কোনো যুবক মাদকে জড়িয়ে গেছে, তখন প্রবাসে বসেও বুকটা ফেটে যায়। আমি ভাবলাম শুধু ফেসবুকে আফসোস না করে কিছু একটা করতে হবে।

আমাদের ছোটবেলায় এই মাদ্রাসার মাঠে আমরা সারাদিন হাড়িভাঙ্গা, ডাংগুলি খেলতাম। আজ সেই মাঠ ফাঁকা। তাই যুবকদের মাঠে ফেরাতে, তাদের মুখে হাসি ফোটাতে এবং মাদক থেকে দূরে রাখতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি কোনো নেতা নই, আমি এই গ্রামেরই সন্তান। আমি চাই আমাদের পরবর্তী প্রজন্ম জানুক হাড়িভাঙ্গা কী, আমাদের সংস্কৃতি কী।

আজ আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী ভাইসহ যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এটা আমার প্রথম আয়োজন, ভুলত্রুটি ক্ষমা করবেন। আপনারা পাশে থাকলে ভবিষ্যতে ফুটবল, ক্রিকেটসহ আরও বড় পরিসরে মাদকবিরোধী টুর্নামেন্ট আয়োজন করবো ইনশাআল্লাহ।”

পরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে খেলায় অংশগ্রহণকারীদের মাঝে সাবান এবং আগত শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়।
…………………………………….

চাঁদপুর হাইমচর থেকে মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়ালের) পাঠানোই প্রতিবেদন-বিডি সময় টুয়ান্টিফোর ডটকম চাঁদপুর হাইমচর। www Bdshomoy24.com – BD SOMOY 24.COM